চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী এসি বাস ও মাহিন্দ্রা জিতো (লেগুনা) গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার নতুন অফিসের আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫) ও পশ্চিম গজালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮)।
গুরুতর আহত ব্যক্তিরা হলেন ইদগাঁও উপজেলার নাপিতখালীর আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), তাঁর ছেলে মো. সরোয়ার (১৯), নতুন অফিসের আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), খুটাখালী মেধাকচ্ছপিয়া গ্রামের বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) ও টেকনাফ উপজেলার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩১)। গুরুতর আহত পাঁচজন কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর সোনাপুর থেকে ছেড়ে আসা একটি এসি বাস কক্সবাজার যাচ্ছিল। অপরদিকে একটি মাহিন্দ্রা জিতো ইদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল। পথে চকরিয়া উপজেলার খুটাখালীর নয়াপাড়া এলাকায় বাসটির সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান বলেন, এসি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।