কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীসংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেড, ২৮টি তাজা গুলি ও দুই কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ রোববার (১৪ জুন) দুপুরে টেকনাফের জাদিমুড়া বৌদ্ধমন্দির-সংলগ্ন লবণ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুত্তাকিন সিদ্দিকী।
মুত্তাকিন সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের কাছে তথ্য ছিল, সাবরাংয়ের জাদিমুড়া এলাকার নাফ নদীসংলগ্ন সীমান্তপথ ব্যবহার করে একটি সশস্ত্র গোষ্ঠী মাটির নিচে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে।
এই তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (১৩ জুন) রাতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে জাদিমুড়া এলাকায় মাটির নিচে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত দুটি 36M Mk-1 হ্যান্ড গ্রেনেড, আটটি 40 mm HEDP গ্রেনেড ও ২৮টি ৭.৬২ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। একই স্থান থেকে দুই কেজি গাঁজাও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গ্রেনেড, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা ও নাফ নদী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও মানব পাচার এবং সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা রোধে তাদের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।