কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম নতুনঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাহাব উদ্দিন বদরখালীর একটি অটোরিকশা চার্জিং গ্যারেজে যান। সেখানে কিছু বৈদ্যুতিক তার মাটিতে পড়ে ছিল। একপর্যায়ে একটি তার সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বদরখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম মাসুম সিদ্দিকী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।