হোম > সারা দেশ > কক্সবাজার

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

গ্রেপ্তার আকাশ মিয়া। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার অন্যতম আসামি আকাশ মিয়াকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ রোববার সকালে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পেকুয়া থানার পুলিশের একটি দল। গ্রেপ্তার আকাশ মিয়া (২১) টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি গ্রামের নুরুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি গ্রামে নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে প্রতিবেশী নুরুল কাদের গংয়ের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে ইউসুফ আলীকে দুদফা মারধর করা হয়।

ইউসুফ আলী চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে আবার তাঁকে আছাড় মেরে গুরুতর আহত করা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় তিনজন আহত হন।

ইউসুফ আলীকে পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত ৯ সেপ্টেম্বর নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ইউসুফ আলী হত্যা মামলার অন্যতম আসামি আকাশ মিয়াকে কুতুবদিয়ার লেমশিখালী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।