হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাস্কাটফেরত যাত্রীর ব্যাগেজে মিলল প্রায় ৪৬ ভরি সোনা, যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজ থেকে ৫৩৪ গ্রাম সোনা উদ্ধার করেছে গোয়েন্দা কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ৫৩৪ গ্রাম বা ৪৫ ভরি ১২ আনা সোনা উদ্ধার করেছে গোয়েন্দা কর্মকর্তারা।

আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মাস্কাট থেকে সালাম এয়ারের জিরোভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ব্যাগেজে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ব্যাগেজের ভেতর থেকে ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম স্বর্ণের পিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।