চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ কারখানায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামে একটি বন্ধ কারখানায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সাইমুন হোসেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকার লোকমান হোসেনের ছেলে।
চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত এমডি নিতাই চন্দ্র রায় জানান, রাতে কারখানায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়। বিষয়টি সীতাকুণ্ড থানা-পুলিশকে জানানো হলে শনিবার সকালে পুলিশ কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কারখানায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।