হোম > সারা দেশ > চট্টগ্রাম

আওয়ামী লীগকে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ভবিষ্যতে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ না ঘটে, তাই তাদের রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করা হবে।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন সংশোধন প্রসঙ্গে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘সংসদে অনেক বিষয়ে নতুন আইন হয়েছে এবং আইন সংশোধন হয়েছে। ১৭ বছরের প্রশিক্ষিত লোক, চাইলে ১৭ দিনে কিংবা ১৭ মাসেই পুরোপুরিভাবে তা শেষ করে দেওয়া সম্ভব—এ কথা আমি বলব না।’

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘সব পরিস্থিতি মোকাবিলা করে আজ দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা রক্ষার সমন্বয় কমিটির মিটিং করা হয়েছে। এর মাধ্যমে চট্টগ্রাম জেলা ও শহরের সাধারণ মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং স্বাভাবিক চলাফেরা বজায় থাকে, সেদিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং করব।’

এ্যানি আরও বলেন, ‘প্রতিটি বিষয়কে আমরা অগ্রাধিকার দিচ্ছি। অগ্রাধিকারের ভিত্তিতে সব দিক বিবেচনা করে যেখানে যেটা দরকার, তাৎক্ষণিকভাবে সেটাকে অ্যাড্রেস করা, সমন্বয় করা ও সমাধান করা সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে।’

চট্টগ্রামে চুরি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, এমপি এরশাদ উল্লাহ, সরোয়ার নিজাম, আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রামের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।