চট্টগ্রাম নগরের খুলশীতে কিশোর মো. হৃদয়কে (১৬) ছুরিকাঘাতে হত্যা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাঁকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, খুলশীতে কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ দুপুর ১২টার দিকে রিমান্ড শুনানির জন্য কঠোর নিরাপত্তায় ওয়াকিল হোসেন বগাকে আদালতে হাজির করা হয়। গত ২৯ অক্টোবর একই আদালত হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার দেখান।
এর এক মাস আগে ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধে হত্যাকাণ্ডটি ঘটে।
এলাকাটিতে ‘৫জি’ ও ‘৭জি’ নামের দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করত। সে ‘৫জি’ গ্রুপের সদস্য ছিল। পুলিশ জানিয়েছে, ‘৭জি’ গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে।
পুলিশের ভাষ্য, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা কিশোর গ্যাংটি নিয়ন্ত্রণ করেন।