প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, ‘জামায়াতের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। জামায়াতের জন্মলগ্ন থেকে দ্বিমুখী আচরণ ছাড়া অন্য কোনো আচরণ আমরা দেখিনি। জামায়াত মুখে বলছে, তারা সরকারকে সহযোগিতা করছে। অন্যদিকে আমরা লক্ষ করছি, কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে আগের মতো আন্দোলন করা যায়—সেই অপচেষ্টা তারা করছে।’
আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রাশেদ খান এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ আর জামায়াতের ভাষার মধ্যে এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। তারা ডিসেম্বর মাসকে বেছে নিয়েছে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরাও রাজপথে থাকব।’
জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ‘ইসলামের মূল্যবোধ কীভাবে প্রচার করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে শিখুন। আপনারা ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন। এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না।’
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।