হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে তিন জায়গায় ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরীতে অন্তত তিন জায়গায় ঝটিকা মিছিল হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ও দুপুরে নগরের জিইসি মোড়, ষোলশহর ২ নম্বর গেট এবং নিউমার্কেটের পলোগ্রাউন্ড এলাকায় এই মিছিল হয়।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভ মিছিলের পৃথক ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার মেডিকেল সেন্টার গলি থেকে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে নেতা-কর্মীরা একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ নানা কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে ৪০-৫০ জনের মিছিলটি গোলপাহাড় মোড় এলাকায় গিয়ে শেষ হয়। একই সময় নগরের পাঁচলাইশ থানাধীন মেয়র গলি এলাকা থেকে ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যানারে এই মিছিলে ৬০-৭০ জন নেতা-কর্মী অংশ নিয়েছিলেন। মিছিলটি ২ নম্বর গেট মোড় হয়ে আশপাশ প্রদক্ষিণ করে শেষ হয়। এর আগে মিছিলকারীরা ২ নম্বর গেট মোড়ের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে এই মিছিল বের করা হয়।

এ ছাড়া দুপুরে ৬০-৭০ জনের আরেকটি মিছিল নগরের সিআরবি পলোগ্রাউন্ড এলাকায় হয়। দুপুরে জুমার নামাজের সময় কোতোয়ালি থানাধীন এই এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। এদিকে নগরের তিন জায়গায় পৃথক বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘সবাই যখন জুমার নামাজ পড়তে গেছে, তখন পলোগ্রাউন্ড স্কুলের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। মিছিলে অংশগ্রহণের অভিযোগে আমরা ছয়জনকে আটক করেছি। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘সকালে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা চলতে দেওয়া হবে না।’

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা