হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে মনসা মন্দিরে স্বর্ণালংকার চুরি: তরুণ গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

গ্রেপ্তার মুশফিকুর রহমান সিয়াম। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহ বাড়ির মনসা মন্দির থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে মুশফিকুর রহমান সিয়াম (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে চুরি যাওয়া ২ ভরি ১ আনা স্বর্ণালংকার এবং ৪ ভরি ওজনের রুপার গয়না উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দুপুরে মন্দিরটি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার চুরি হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজে সিয়ামকে মন্দির থেকে বের হতে দেখা যায়। ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে।

পরে অভিযান চালিয়ে রাউজান থানাধীন ১১ নম্বর পশ্চিম গুজরা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের কাগতিয়া এলাকার মীর কাশেমের নতুন বাড়ি থেকে মুশফিকুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করা হয়। সিয়াম ওই এলাকার মাইক্রো মেকানিক মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিয়ামের বসতঘরের শয়নকক্ষের স্টিলের আলমিরার ভেতর থেকে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১ জোড়া কানের দুল, ১টি মাথার টিকলি, ১টি লকেট এবং ২টি বেলপাতা। এসব স্বর্ণালংকারের ওজন ২ ভরি ১ আনা এবং মূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়া ৪ ভরি ওজনের রুপার গয়নাও উদ্ধার করা হয়।

সিংহ বাড়ির মনসা মন্দিরের প্রতিষ্ঠাতা আশুতোষ সিংহ বলেন, ‘মন্দির থেকে স্বর্ণালংকার চুরির পর থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে চোর শনাক্ত করে অলংকার উদ্ধার করেছে।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত জানান, গ্রেপ্তার হওয়া তরুণ ভক্তির ভান করে মূর্তির একেবারে কাছে চলে যায়। এরপর মূর্তির গায়ের স্বর্ণালঙ্কার চুরি করে। এর আগেও অন্যান্য মন্দিরে একই ভাবে চুরি করেছিল। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মন্দির থেকে প্রায় ২ ভরি ৮ আনা স্বর্ণ চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। গ্রেপ্তার হওয়া সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে ২ ভরি ১ আনা স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।