হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে তিন শ্রমিক নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ফেরদৌস স্টিল নামের জাহাজভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাওয়ার কথা জানান।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ফেরদৌস স্টিল শিপ ব্রেকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কীভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, বিস্ফোরণে আহত ১০ শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তবে হতাহত শ্রমিকদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে পারেননি।