চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সজিব (২০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান উদ্দিন নামে এক সংবাদকর্মী ও অটোরিকশাচালক আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের ভক্তপুরের কড়ালিয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের মনুর বাপের বাড়ি এলাকার মো. রফিকের ছেলে। তিনি রোসাংগিরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। আহত রায়হান উদ্দিনও একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় সংবাদকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ধর্মপুর আজাদীবাজার থেকে মোটরসাইকেলে করে নানুপুরের দিকে ফিরছিলেন রায়হান উদ্দিন ও সজিব। পথে ভক্তপুরের কড়ালিয়া পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ অটোরিকশার চালক আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশেদা খানম বলেন, হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত সজিবের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।