হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের ৪ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

আবুতোরাব বাজারে প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি এবং ফার্মেসি মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য পরিস্থিতি তদারকির পাশাপাশি বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করা হয়। ওষুধের মান, সংরক্ষণ এবং বিক্রয়সংক্রান্ত বিষয়ও মনিটরিং করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকি এবং ওষুধ ও কসমেটিকসের আইনসম্মত বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টের অংশ হিসেবে আবুতোরাব বাজারের অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতিও পরিদর্শন করা হয়।

অভিযানে সহকারী পরিচালক (ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম) মাখনুওন তাবাসসুম, উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী, বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও ফার্মেসিগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। ওষুধ ও কসমেটিকস আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজারের পরিবেশ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ও উপজেলা প্রশাসনের নজরদারিতে থাকবে।’