চট্টগ্রামে গ্রেপ্তার সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের কাছে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। কার্ডে তাঁর নাম লেখা আছে ‘আজহার খান’ এবং জন্মতারিখ ১৯৯৮ সালের ১২ মে। তবে কার্ডের নম্বরের সত্যাসত্য নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কার্ডটির ওপরের অংশে হিন্দিতে ‘ভারত সরকার’ এবং ইংরেজিতে ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া’ লেখা রয়েছে। আর আধার কার্ডটিতে ১২ ডিজিটের যে নম্বর রয়েছে তা হচ্ছে, ১২৩৪৫৬৭৮৯০১২। এই ধরনের ভিআইপি সিরিয়াল হওয়া অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, চাঁদাবাজি ও কিলিং মিশন নিরাপদ করতে সম্প্রতি এই আধার কার্ড সংগ্রহ করে ডেভিড ইমন ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
চট্টগ্রাম জেলার এসপি মাসুদ আলম বলেন, ‘সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের ঝিকরগাছা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার কথা ছিল। কে সীমান্ত পার করবেন এবং ভারতে কে রিসিভ করবেন, সব ঠিক করা ছিল। তাঁর কাছে আধার কার্ড পাওয়া গেছে, যেটা ভারতে ব্যবহার করার জন্য ছিল। তাঁকে ধরার পর শরীর তল্লাশি করে এই আধার কার্ড পাওয়া যায়।’
তথ্যমতে, ‘আধার’ শব্দটি হিন্দি; বাংলায় এর অর্থ ‘ভিত্তি’। এটি ১২ সংখ্যার একটি অনন্য পরিচয় নম্বর, যা ভারতের নাগরিক এবং আবাসিক বিদেশি নাগরিকদের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্যের ভিত্তিতে দেওয়া হয়। তালিকাভুক্তির আবেদনের তারিখের আগে ১২ মাসে ১৮২ দিনের বেশি সময় ভারতে অবস্থানকারীরা এর জন্য বিবেচিত হন। এই তথ্য সংগ্রহ করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই), যা ২০০৯ সালের জানুয়ারিতে ভারত সরকার প্রতিষ্ঠা করে।
তথ্যমতে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। রাউজান, রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম মহানগরের কয়েকটি হত্যাকাণ্ডেও তাঁর সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে তদন্তে।