হোম > সারা দেশ > চট্টগ্রাম

বয়স কম দেখিয়ে ১৭ বছর চাকরি করা বিপিসির সেই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

(বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ। ছবি: সংগৃহীত

বয়স কম দেখিয়ে ১৭ বছর চাকরি করার অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) কর্মচারী ও এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কায়সার হামিদ মামলাটির আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৯ সালে বিপিসির উপব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা ৩৩ বছর নির্ধারিত ছিল। ওই সময় মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের বয়স ছিল ৩৬ বছর ৪ মাস ২১ দিন। মামলার আরজিতে তাঁর জমা দেওয়া অভিজ্ঞতার সনদ জাল বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে চারটি ঘটনার উল্লেখ রয়েছে।

কায়সার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এই কর্মকর্তা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা। ২০০৯ সালে বয়স লুকিয়ে নিয়োগ পাওয়ার পর থেকেই আওয়ামী লীগকে প্রতিষ্ঠায় মরিয়া ছিলেন। এরপর নানা অনিয়মে জড়িয়ে সরকারের কোটি কোটি টাকা তছরুপ করেছেন। তাই বাধ্য হয়েই তাঁর বিরুদ্ধে মামলা করেছি।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করতে বিপিসিকে বলা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন কায়সার হামিদ।

বিপিসির সচিব শাহিনা সুলতানা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

তথ্যমতে, এসএওসিএলের নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ওমরাহ পালনে গেলে ১ অক্টোবর মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে ১৫ দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে আগের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় কর্মচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

২০২১ সালে এসএওসিএলের কর্মকর্তা-কর্মচারীরা মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে অনাস্থা জানান। দুই পরিচালকও তাঁর বিরুদ্ধে অভিযোগ দেন বলে জানা গেছে। দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য দুদক থেকে বলা হলেও কোনো অভিযোগ তদন্ত হয়নি বলে অভিযোগ রয়েছে।

৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় এসএওসিএলের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

জানা গেছে, ২০২৫ সালের ২১ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব ড. মোহাম্মদ রুবায়েত খান ওই কর্মকর্তার বয়স জালিয়াতির অভিযোগ তদন্ত করে ছয় পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তাঁর বয়স ৩৬ বছর ২ মাস ২০ দিন উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এ ক্ষেত্রে ওই কর্মকর্তা নিজের দায় এড়াতে পারবেন না।

প্রতিবেদনের সুপারিশে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথাও বলা হয়। তবে পরে বিষয়টি আর এগোয়নি।

২০০৯ সালে বিপিসির উপব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) পদে নিয়োগ পান মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ। গত ১৭ বছরে চার দফা পদোন্নতি পেয়ে তিনি সর্বশেষ মহাব্যবস্থাপক হন।

মামলার বিষয়ে বক্তব্য জানতে মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।