হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গোপসাগরে হামলায় ট্রলারডুবিতে ১ জেলে নিখোঁজ, আহত ২১

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

গভীর বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাঁশখালী খানখানাবাদ এলাকার জেলেদের ওপর আনোয়ারার গহিরা এলাকার জেলেরা হামলা করেছে। এ ঘটনায় খানখাবাদের জেলেদের ট্রলার ডুবে ১ জন নিখোঁজ ও ২১ জন আহত হয়েছেন। আহত জেলেরা বলছেন, নিখোঁজ মো. নাছির (২৭) সমুদ্রে ডুবে মারা গেছে; লাশ এখনো পাওয়া যায়নি। 

জানা যায়, আজ দুপুরে বাঁশখালী খানখানাবাদ এলাকার মো. এনাম ও আবুল বশরের মালিকানাধীন বড় মাওলানা ফিশিং বোটে ২২ জন মাঝিমাল্লা বঙ্গোপসাগরে জাল ফেলতে যায়। গভীর সমুদ্রে জাল ফেলার সময় আনোয়ারা গহিরা এলাকার দুইটি ফিশিং বোটে জেলেরা এসে বাঁশখালীর জেলেদের ওপর হামলা ও মারধর করে। এ সময় বোটটি সাগরে ডুবে গেলে খানখানাবাদ ২ নম্বর ওয়ার্ড ডোয়ালিয়া পাড়া এলাকার শামশুল আলমের পুত্র মো. নাছির (২৭) নিখোঁজ হয়। উদ্ধার হওয়া বাকি ২১ জনও হামলায় আহত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে

সমুদ্র থেকে ফিরে আসা জেলে সাদুর রশীদ বলেন, আনোয়ারা গহিরা এলাকার দুইটি বোটে জেলেরা এসে আমাদের মারধর করলে আমাদের বোটটি সমুদ্রে ডুবে যায়। আমরা প্রায় ১ ঘণ্টা সাগরে ভাসমান ছিলাম। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে সাগর পাড়ে নিয়ে আসে। নাছির এখনো নিখোঁজ রয়েছে; আমাদের ধারণা নাছির সাগরে মরে গেছে। 

নিখোঁজ নাছিরের স্ত্রীর বড় ভাই মো. এনাম জানান, জালের পার মারার সময় আনোয়ারা গহিরা এলাকার ২টি বোট তাঁদের ওপর হামলা করে। এ সময় সাগরে ফিশিং বোটটি ডুবে যায়। ফিশিং ট্রলারে থাকা সব মাঝি-মাল্লারা আহত অবস্থায় উদ্ধার হলেও, আনোয়ারার জেলেদের হামলায় নাছির সাগরে মারা গেছে। 

পশ্চিম বাঁশখালী উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি তারেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শোয়াইব বলেন, আনোয়ারা গহিরার জেলেরা আমাদের বাঁশখালীর জেলেদের ওপর হামলা চালিয়েছে। আমরা সাগরে নাসিরের লাশ আনতে গেলেও আনোয়ারার জেলেরা আমাদের লাশ আনতে দেয়নি। 

এ প্রসঙ্গে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের কদমরসুল এলাকার মাঝিমাল্লাদের ওপর আনোয়ারা গহিরা এলাকার জেলেরা ২টি বোট নিয়ে এসে হামলা করেছে। এতে নাছির নামের এক জেলে নিহত হয়েছে। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, সাগরে আনোয়ারা ও বাঁশখালীর জেলেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজকের ঘটনায় ১ জেলে নিখোঁজ আছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জেলে নাছিরের লাশের খোঁজ পাওয়া যায়নি। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ