হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অশ্লীল ভিডিও তৈরির পর ব্লাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার কালা মিয়া। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির অশ্লীল ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩৩ হাজার ৫০০ টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা-পুলিশ। আজ বুধবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন মেয়ের ছবি পাঠিয়ে নানা প্রলোভন দেখাতেন। এরপর মতিউর তাঁদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইমোতে ভিডিও কলে কথা বলার সময় ওই ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করতেন।

পরে ধারণ করা ভিডিও এবং মতিউরের ছবি এডিট করে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও তৈরি করা হয়। সেই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী মতিউরের কাছ থেকে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ডবলমুরিং থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিকে শনাক্ত করে ঢাকা থেকে অভিযুক্ত কালা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্টে ভুক্তভোগীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়।