হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় ত্যাগ করেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কাটা এবং ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। তিনি বলেন, ‘চুরির ঘটনায় আমরা হতভম্ব। জানালার গ্রিল কেটে চোরের দল ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’