• ৪০টি পারমিটের বিপরীতে ১৭ নম্বর রুটে চলছে আড়াই শতাধিক হিউম্যান হলার।
• ১০৮টি পারমিট থাকলেও ১১ নম্বর অটোটেম্পো রুটে চলছে ২৬০টি গাড়ি।
• এক রুটেই মাসে প্রায় ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
• অবৈধ গাড়ি আটক করেও নিয়ন্ত্রণে রাখতে পারছে না ট্রাফিক পুলিশ।
চট্টগ্রাম নগরে হিউম্যান হলার ও অটোটেম্পো রুটে নির্ধারিত পারমিটের কয়েক গুণ বেশি গাড়ি চলাচলের অভিযোগ উঠেছে। এতে চালকদের আয় কমলেও রুট ও স্ট্যান্ড নিয়ন্ত্রণের নামে দৈনিক লাখ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এমনকি মাত্র ১৫০ টাকা ‘ওয়েবিল’ চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রভাবশালী ব্যক্তি ও শ্রমিক সংগঠনের ছত্রচ্ছায়ায় চলা এই চাঁদাবাজি, অবৈধ গাড়ির দৌরাত্ম্য আর প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে জিম্মি হয়ে পড়েছে চট্টগ্রামের গণপরিবহন খাত।
চট্টগ্রাম নগরের ব্যস্ততম ১৭ নম্বর রুটে (চকবাজার-কাজীর দেউড়ি-লালখানবাজার-আগ্রাবাদ-বড়পোল) বিআরটিএ নির্ধারিত হিউম্যান হলারের সিলিং বা অনুমতি রয়েছে মাত্র ৪০টি গাড়ির। অথচ বাস্তবে এই এক রুটেই নিয়মিত চলছে আড়াই শতাধিক (ক্ষেত্রবিশেষে ৩ শতাধিক) গাড়ি।
এই রুটে সরাসরি কোনো বাস চলাচল না করায় একমাত্র গণপরিবহন বলতে হিউম্যান হলার চলছে, সেই সুযোগে অবৈধভাবে গাড়ি এই রুটে চলছে।
অনুসন্ধানে জানা গেছে, এসব গাড়ির মধ্যে রয়েছে নিটল মোটরস লিমিটেডের অধীনে ৬০টি, মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের ৪০টি এবং চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার চালক মালিক ঐক্য পরিষদের নামে প্রায় ১০০টি গাড়ি। এর বাইরেও অবৈধভাবে এসব সমিতির অধীনে আরও অর্ধশতাধিক গাড়ি চলছে।
১০ বছর ধরে নগরের ১৭ নম্বরের এই রুটে হিউম্যান হলার গাড়ি চালান আব্দুল হালিম (ছদ্মনাম)। তাঁর ভাষ্য, সারা দিন হাড়ভাঙা খাটুনির পর যা আয় হয়, তার সিংহভাগই চলে যায় মালিকের জমা, শ্রমিক সংগঠনের চাঁদা আর লাইনম্যানের বকশিশ মেটাতে। সব মিলিয়ে দিনে ১৪০০ থেকে ১৫০০ টাকা দিয়ে দিতে হয়। এর মধ্যে মালিকের জমা ১২০০ টাকা, ওয়েবিলের ২০০ টাকা এবং বাকি টাকা লাইনম্যান খরচ। দিনশেষে নিজের খরচের টাকাটাই থাকে না, কোনো কোনো দিন মাত্র ৩০০-৪০০ টাকা নিয়ে বাসায় ফিরতে হয়।
১৭ নম্বরের এই একটি রুটেই আড়াই শতাধিক গাড়ির ‘ওয়েবিলের’ চাঁদা ও লাইনম্যানের খরচের নামে দিনে অর্ধলাখ টাকা চালকদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যা মাসে ১৫ লাখ টাকায় দাঁড়ায়। এটা নিয়ে বিভিন্ন সময় চালক ও সমিতির লোকজনের সঙ্গে মারামারি ও বাক্বিতণ্ডার ঘটনাও ঘটছে।
নগরী হিউম্যান হলার চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন জানালেও আবার যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে যান।
চট্টগ্রাম নগরের ১১ নম্বর অটোটেম্পো রুটের (এ কে খান টু জিইসি মোড়) গাড়ির পারমিট রয়েছে ১০৮টি। কিন্তু এই রুটে চলছে ২৬০টি গাড়ি।
কয়েক চালক নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে আজকের পত্রিকাকে বলেন, আগে গাড়ি চালিয়ে ১২-১৫ শ’ টাকা আয় করা যেত। এখন মালিকের জমা ১০০০ টাকা, লাইনম্যান খরচসহ চাঁদার ৫০-১০০ টাকা দেওয়ার পর সারা দিন গাড়ি চালিয়ে ৪-৫ শ’ টাকা উঠতে কষ্ট হচ্ছে। এ ছাড়া মাসে ১ হাজার টাকা করে দিতে হয়।
১১ নম্বর অটোটেম্পো রুটে ওয়েবিলের ১৫০ টাকা চাঁদা দাবি করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ১৬ নভেম্বর এ কে খান মোড়ে টাকা দিতে অপারগতা জানালে চালক শাহাদাত হোসেনকে মারধর ও ছুরিকাঘাত করেন শ্রমিক সংগঠনের নেতা হাসান ও তাঁর অনুসারীরা। এ সময় শাহাদাতকে বাঁচাতে এগিয়ে আসা তাঁর বন্ধু হাসানও ছুরিকাঘাতের শিকার হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় হত্যা মামলা হয়েছে।
সিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর-হালিশহর) এ কে এম আসাদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশ বিভিন্ন সময় ১৭ নম্বর রুটে অবৈধ গাড়িগুলো আটক করে থাকলেও পরবর্তীকালে জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। পরে দেখা যায়, সেগুলো আবার রাস্তায় নেমেছে।
আকবরশাহ থানা এলাকার টিআই আলমগীর হোসেন বলেন, ‘সব সময় তো আর নজরদারি করা সম্ভব হয় না। আমরা যখনই পাচ্ছি, অবৈধ গাড়িগুলো আটক করছি।’