হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

গৌরী শিল্পালয়ের প্রতিমা কার্তিকের হাত ভেঙে দেন হামলাকারীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় গাড়ি ও ভ্যানের ধাক্কাকে কেন্দ্র করে একটি প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিমা নিতে আসা অপু সরকার আকাশ (২২) নামের এক যুবক আহত হয়েছেন। হামলাকারীরা তৈরি করে রাখা একটি প্রতিমার কার্তিকের হাতও ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়কালী বাজারের লোকনাথ আশ্রমের পাশে গৌরী শিল্পালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিল্পালয়ের কারিগর কাঞ্চন চক্রবর্তীর স্ত্রী মুক্তা চক্রবর্তী বলেন, ‘ঘটনার সময় আমরা প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ করছিলাম। হঠাৎ ১০ থেকে ১৫ জন ব্যক্তি শিল্পালয়ে ঢুকে প্রতিমা নিতে আসা আকাশকে মারধর করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় তৈরি করে রাখা একটি প্রতিমার কার্তিকের হাত ভেঙে দেওয়া হয়।’

আহত বারখাইন ইউনিয়নের পদ্মাপুকুরপাড় এলাকার অপু সরকার আকাশ বলেন, ‘প্রতিমা নিতে শিল্পালয়ে আসার পথে সড়কের পুকুরপাড়ে গাড়ির সঙ্গে ধাক্কা লাগা নিয়ে কয়েকজন ভ্যানচালকের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর তাঁরা ১০ থেকে ১৫ জন মিলে শিল্পালয়ে এসে হামলা করেন।’

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ ধর বলেন, কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। শিল্পালয়ের লোকজন হামলাকারীদের প্রতিহত করায় বড় ধরনের ঘটনা ঘটেনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।