চট্টগ্রাম নগরীতে নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে সাবেক ব্যাংকার ও ছাত্রলীগ নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটে নগরের ডবলমুরিং থানার হাজীপাড়ার নিজ বাসার ড্রয়িংরুমে তিনি মাথায় গুলি করেন বলে নিহতের পরিবারের বরাত দিয়ে জানায় পুলিশ।
পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
নিহত শাহিদ ওই এলাকার ইমাম হোসেন বাড়ির মৃত ইকবাল হোসেনের ছেলে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করা শাহিদ হোসেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। ২০২৫ সালে সেপ্টেম্বরে ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। এ ছাড়া তিনি একজন আইনজীবীও ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ছাড়া ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
নিহত শাহিদের স্ত্রী শারমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ও তো আমাদের সঙ্গে বাসাতেই ছিল। সকালে ড্রয়িংরুমের ভেতর থেকে বিকট শব্দ শুনে সেখানে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।’
শারমিন বলেন, ‘মাঝেমধ্যে ওর সঙ্গে মনোমালিন্য হতো। গতকাল তার সঙ্গে সামান্য ঝগড়া হয়েছিল। এখন কোন কারণে সে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি কোনো কিছু চিন্তা করতে পারছি না। আমাদের দুটি সন্তান রয়েছে এবং আমি নিজেও সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় ও আমাদের এভাবে ফেলে চলে যাবে, তা ভাবতেও পারছি না।’ এসব কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।