উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সৃষ্ট সংকটের অবসান না হয়ে বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। প্রথম দফার কমপ্লিট শাটডাউনের ৬৬ দিনের মাথায় আবারও একই কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর প্রথম দফায় কমপ্লিট শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রমে ফেরেন তাঁরা। তবে ক্লাস শুরুর মাত্র ৩০ দিনের মাথায় আবারও শাটডাউনের ঘোষণা এলো।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলমান আন্দোলন আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ সভায় দীর্ঘদিনেও সংকটের সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন পালনের সিদ্ধান্ত ঘোষণা করেন তাঁরা।
এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলেও সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য নিয়োগ ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যদের।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এ নিয়োগের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।