হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়তলীতে কাভার্ড ভ্যানচালককে হত্যার পর গুম: তিন আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়তলীতে প্রায় পাঁচ বছর আগে কাভার্ডভ্যান চালক মো. সজিবকে হত্যার পর মরদেহ গুমের অপরাধে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. তাজউল ইসলাম এ রায় দেন। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. নুরুল আমিন, মো. শাহজাহান এবং মো. নুরুল আলম টুটুল।

আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের মধ্যে মো. নুরুল আমিন ও মো. শাহজাহান বর্তমানে পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রায় ঘোষণার পর আসামি মো. নুরুল আলম টুটুলকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও নথি অনুযায়ী, ২০২১ সালের ২৫ অক্টোবর মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন নোয়াখালীর চাটখিলের কাভার্ডভ্যান চালক সজিব। পরে ২৭ অক্টোবর দুপুরে পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকার একটি কৃষিজমি থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর নিহতের ভাই ইকবাল হোসেন রবিউল বাদী হয়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় মামলা করেন।

পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলে তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সজিবকে হত্যার কথা স্বীকার করেন। মামলায় ৩৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।