চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ রাত ১০টার দিকে শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকে নিজ বিভাগের একটি ব্যানার টাঙাতে যান আরিফুল। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকেন। পরে পুরো হলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও প্রশাসন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনা সম্পর্কে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আরিফ হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।’
এ বিষয়ে চবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।