হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় কলা চুরির ঘটনায় সংঘর্ষ, একজন নিহত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

মোহাম্মদ তোহা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সংঘর্ষে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীরপাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তোহার বাড়ির একটি কলাগাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় তোহা আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আনোয়ার হোসেন (২৯) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি এজাহার মিয়ার ছেলে। অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয়রা জানান।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের সময় তোহাকে শক্ত লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

পটিয়া আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, ‘মোহাম্মদ তোহা অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং তার পরিবার ন্যায়বিচার পাক।’

চট্টগ্রামে চারতলার বেলকনি থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সন্তান আইসিইউতে অচেতন মা

টানেল দুর্ঘটনা: ‘আমার ৭ বছরের মেয়ে জানে না, তার মা আর নেই’

সাতকানিয়ায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সন্তান, আইসিইউতে সংজ্ঞাহীন মা

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, বোনের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ

‘মা তো প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরত, আজ কেন আসছে না’

চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, কাজ হারালেন হাজারো শ্রমিক

আনোয়ারায় ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষের ২০০ গাছ নিধন, গ্রেপ্তার ১