চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় চুয়েটের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।
এদিকে, আজ সকালে অনুষ্ঠিত জরুরি সভায় উপাচার্য নিয়োগের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে শিক্ষক সমিতি। সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানোর সিদ্ধান্ত হয়।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ জানান, এই দাবিতে আগামী রোববার বেলা ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে মৌন মিছিল করবেন শিক্ষকেরা।
চুয়েটে অচলাবস্থার সূত্রপাত হয় গত ২১ সেপ্টেম্বর। ওই দিন মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
ওই সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও আন্দোলনে যুক্ত হন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।
গত ১২ অক্টোবর নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে গিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তাঁকে সেখান থেকে বের করে আনা হয়। এ ঘটনার পর সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করে।
তবে কমিটিতে চুয়েটের কোনো প্রতিনিধি না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
টানা ৩৬ দিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর থেকে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। তবে উপাচার্যের নিয়োগ বাতিল ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত থাকে।
সর্বশেষ শিক্ষক সমিতি সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে একজনকে উপাচার্য নিয়োগের প্রস্তাব সামনে এনেছে।