অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন। চলমান আন্দোলনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ার প্রতিবাদে আজ বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা চোখের কালো কাপড়কে প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে তুলে ধরেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রসংলগ্ন সড়ক ধরে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খাঁন বলেন, ‘আমরা গত ৮ দিন ধরে চুয়েটে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি যে, প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এর প্রতিবাদে আমরা আজ দুপুরে চোখে কালো কাপড় বেঁধে প্রশাসনের এ নীরবতার প্রতিবাদ জানাচ্ছি।’
প্রতিবাদ মিছিল শেষে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।