চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে গাড়ির পাস নিয়ে তর্কের জেরে জেটি সরকার তরিকুল ইসলামকে ঘুষি মারার অভিযোগ উঠেছে চেকার জুয়েল দের বিরুদ্ধে। আহত তরিকুল ইসলামকে প্রথমে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, বেলা ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স টক ট্রেডের জেটি সরকার তরিকুল বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে যান।
মো. মোশারফ হোসেনের ভাষ্য, সেখানে বন্দরের নিম্নমান বহিঃসহকারী (জেআরওএ), যিনি চেকার হিসেবে পরিচিত এবং টিকিট পরীক্ষা করেন, সেই জুয়েল দের সঙ্গে গাড়ির পাস নিয়ে তরিকুলের তর্ক হয়। একপর্যায়ে জুয়েল দে তাঁকে ঘুষি মারেন।
ঘুষির আঘাতে তরিকুলের চোখের নিচে জখম হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ কেফায়েত হামিম বলেন, ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বন্দরের টার্মিনাল ম্যানেজার মুহাম্মদ আনিস উদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুই পক্ষের সঙ্গে মীমাংসা করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।