হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে সীতাকুণ্ড ও খুলশী থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রেহান উদ্দিন রেহান কার্যক্রম নিষিদ্ধ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

ওসি মহিনুল ইসলাম বলেন, রেহান উদ্দিন রেহান নগরের খুলশী এলাকার একটি বাসায় অবস্থান করছেন বলে গোপন সূত্রে খবর পান তাঁরা। পরে তথ্যের সত্যতা যাচাই করে খুলশী থানা-পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, রেহান উদ্দিন রেহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সাবেক ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।