চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে ভুজপুর এলাকার একটি বসতবাড়ির বাঁশের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা কালো ব্যাগ থেকে এসব টাকা উদ্ধার করা হয়। আজ রোববার (২২ নভেম্বর) পুলিশ এ তথ্য জানায়।
এর আগে গত ১৫ অক্টোবর দিনদুপুরে পঞ্চবটি চা-বাগানের ভেতরে চা-বাগানের কর্মকর্তাসহ দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শ্রমিকদের বেতন-বোনাসের জন্য নেওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে গতকাল রাতে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ২ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীন নামে দুজনকে গ্রেপ্তার করে ভুজপুর থানা-পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে ঘটনার প্রধান অভিযুক্ত মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ১৯ নভেম্বর ভুজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে তাঁদের বসতঘরের বাঁশের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।