হালদা নদী ও এর পরিবেশ রক্ষায় কারও সঙ্গে কোনো আপস করা হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, হালদা নদী দেশের ঐতিহ্য ও জাতীয় সম্পদ। এ নদী রক্ষা করা সবার দায়িত্ব।
আজ রোববার (১৬ আগস্ট) ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম।
সরোয়ার আলমগীর বলেন, ‘নির্বাচনের পর থেকে বলে আসছি—হালদা নদী আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হালদা নদী ও এর পরিবেশ রক্ষার প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। বালি-মাটি উত্তোলন তো প্রশ্নই আসে না।’
হালদা নদীকে ঘিরে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করে সরোয়ার আলমগীর মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাকে নিয়ে একটি সমন্বিত টিম গঠনের নির্দেশনা দেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে। হালদা নদীকে কেন্দ্র করে বাস্তবমুখী কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ তৈরি করা গেলে তরুণদের এ কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুলসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।