হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, শুটার রায়হানের ৬ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুটার রায়হানের ৬ সহযোগী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর পরিচালিত অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত ৮টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে যাওয়ার সময় স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন মোহাম্মদ রায়হান আলম ও তাঁর সহযোগীরা।

এ সময় অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে ছয়জন পথচারী গুলিবিদ্ধ হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিলে রায়হান পালিয়ে যান। তবে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ রায়হানের সহযোগী জাবেদ হোসেনকে আটক করেন তাঁরা। এরপর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার পর রায়হানকে গ্রেপ্তারে সুয়াবিল ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ হ্যান্ডমাইক ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানের অবস্থান সম্পর্কে তথ্য চান। তাঁকে ধরিয়ে দিতে সহযোগিতার আহ্বানও জানান তিনি।

স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার ভূজপুরের হাজিরখিল এলাকায় রায়হানের পরিচালিত অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর সুয়াবিল এলাকায় অভিযান চালিয়ে রায়হানের পিস্তল জিম্মায় রাখা ব্যক্তি, আশ্রয়দাতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ভূজপুরের কাজীরহাট-সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড সিসার কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের তথ্যের ভিত্তিতে একই থানার চুরখাঁরহাট বাজারের হাজি নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানোমতে শোয়ার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইকতিয়ার ফরহাদ পুলিশকে জানান, উদ্ধার করা বন্দুকটি এজাহার মিয়া ও পিস্তলের গুলিগুলো রায়হান তাঁর জিম্মায় রেখেছিলেন।

পরে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানোমতে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মহররম আলী পুলিশকে জানান, রায়হান গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর বাড়িতে অবস্থান করেছিলেন। অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলিগুলো তাঁর জিম্মায় রেখে যান রায়হান। সর্বশেষ রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গতকাল অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে ফোনালাপের একটি অডিও ফেসবুকে প্রকাশ করে আত্মসমর্পণের ইঙ্গিত দেন রায়হান।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ২২ নভেম্বর থেকে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে উল্লিখিত ব্যক্তিদের গ্রেপ্তার ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।