চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তাসফিয়া খানম ইভা উপজেলার বারশত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া এলাকার মোহাম্মদ ইসমাইলের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে অসুস্থতার কথা বলে তাসফিয়া নিজের কক্ষে যায়। তার মা কিছু সময় পর মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন, ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাসফিয়া ঝুলে আছে। পরে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।