হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের বিমানবন্দরেও কার্গো ভিলেজ হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানসম্পন্ন গড়ে তুলতে শিগগিরই কাজ শুরু হচ্ছে। শুধু চট্টগ্রাম বন্দর লজিস্টিক হাব হলে চলবে না, চট্টগ্রাম বিমানবন্দরকেও লজিস্টিক হাব করতে হবে। এ জন্য চট্টগ্রাম বিমানবন্দরকে সম্প্রসারণ করা হচ্ছে। এখানে কার্গো ভিলেজ করা হবে। কোল্ড স্টোরেজ করা হবে। কোল্ড চেইনে যেসব কার্গো আসবে, সেগুলো যাতে এখান থেকে ডিস্ট্রিবিউট করতে পারে।’

আজ শুক্রবার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দুটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দর হচ্ছে এখন একটি নদীবন্দর। এই বন্দরে একটি সীমাবদ্ধতা আছে। নদীবন্দরের মাধ্যমে আমরা সরাসরি সারা বিশ্বে পৌঁছাতে পারছি না। তাই ডিপ সি পোর্ট হিসেবে আমরা গভীর সমুদ্রবন্দরের দিকে যাচ্ছি। একটি মহেশখালীতে, আরেকটি খুলনায় নির্মাণ করা হবে। যেখানে ১৫ / ২০ মিটার ড্রাফট আছে, সেখানে গভীর সমুদ্রবন্দর হবে।’

চট্টগ্রামকে একটি এনার্জি হাব হিসেবেও গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এনার্জিতে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ না থাকি, তাহলে মিলকারখানা চলবে না। অন্যদিকে খুলনাতেও একটি এনার্জি হাব গড়ে তোলা হবে। গ্যাস ও বিদ্যুতের যে সংকট রয়েছে, এগুলো নিয়ে পরিকল্পনা করা হয়েছে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানান আমির খসরু।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের আগামী দুই বছর সময় দিতে হবে। আমি যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিন একটি কথা বলেছি। কালকে সমাধান হয়ে যাবে বা পরশু সমাধান হয়ে যাবে, এই কথা বলা ঠিক হবে না।’

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা গভীর সংকট বা খাদের মধ্যে আছি। বিগত সরকারের দুর্নীতির কারণে বড় ধরনের একটি বোঝা আমাদের ওপর চেপে বসেছে। ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে গেছে, সেটা ঠিক করতে হচ্ছে, শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে, সেটা ঠিক করতে হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রতিনিয়ত উচ্চমূল্যের জ্বালানির বিষয়ও আমাদের ঠিক করতে হচ্ছে। এরপরও আমরা কিন্তু অনেক উচ্চাকাঙ্ক্ষী এসব পরিকল্পনা হাতে নিয়েছি। সাহস করেছি। এই সাহসটা আসছে কোথা থেকে? এই সাহস এসেছে, আমরা আপনাদের একটি নির্বাচিত সরকার। সেই সাহস থেকে আমরা এগিয়ে যাচ্ছি।’