হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চবির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফায় শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে ওই জুনিয়রকে তাঁর সঙ্গে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে পরে ভৈরব কেন তাঁকে যেতে নিষেধ করেছিলেন, তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে।

এরই জেরে গতকাল দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একটি সভায় বসেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন।

সভা চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ এবং যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ কয়েকজন মারামারিতে জড়িয়ে পড়েন।

শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা সংঘর্ষ হয়।

এ বিষয়ে ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আবদুল্লাহ কাজীরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলাম। আলোচনা সুন্দরভাবেই চলছিল। তারা নিজেরা পরিস্থিতি তৈরি করে আমার বন্ধুদের মারধর করে। এমন পরিস্থিতিতে কেউ তো চুপ থাকবে না। এভাবেই মারামারি শুরু হয়।’

চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী চিকিৎসকের পরামর্শ না নিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। তবে তাঁদের নাম জানাতে পারেনি চিকিৎসাকেন্দ্র কর্তৃপক্ষ।

এদিকে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিলেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ থামাতে গিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও এতে জড়িয়ে পড়েন। এ সময় ওই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী সাংবাদিক মিসবাহর কাছে গিয়ে ভিডিও ধারণের কারণ জানতে চান। একপর্যায়ে তাঁরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করেন।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করা হবে। এরপর তাঁদের পরিচয় প্রকাশ করা হবে।