হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামিনে মুক্ত ‘নন-পলাতক আ.লীগ নেতা’ কামাল, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামিনের পর আদালত প্রাঙ্গণেই দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন সাবেক আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন। ছবি: সংগৃহীত

গভীর রাতে বাসা ঘেরাওয়ের পর চট্টগ্রামের কর্ণফুলী পুলিশের হেফাজতে নেওয়া আওয়ামী লীগের সাবেক নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন জামিনে মুক্ত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম আদালত থেকে জামিন পান তিনি।

আওয়ামী লীগের এই নেতা জামিনে মুক্তির পর আদালত প্রাঙ্গণেই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নিজের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘আমি ভয় পাই না।’

জামিনে মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কামাল উদ্দিন জানান, ‘আমার বাসা ঘিরে একদল আওয়ামী লীগের সন্ত্রাসী মব করার চেষ্টা করছিল। পরে পুলিশ হেফাজতে আমাকে নিয়ে আসে। কোনো মামলা না থাকায় জিডিমূলে জামিন পেয়েছি। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা বলে যাব, আমি ভয় পাই না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি মহান আল্লাহর দরবারে জনাব তারেক রহমানের জন্য দোয়া করি, উনি যেন সুস্থভাবে এই রাষ্ট্র চালাতে পারেন। আমি সরকার বাহাদুরের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।’

কেন তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামাল উদ্দিন বলেন, শুক্রবার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে গালিগালাজ করেছিলেন তিনি। লকডাউন দেওয়ার প্রতিবাদে এমন মন্তব্য করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে আক্রমণের চেষ্টা করেন। তবে হামলার চেষ্টাকারীদের কাউকে চিনতে পারেননি তিনি। তাঁদের মুখে মাস্ক ছিল বলে জানান। এখনো ঝুঁকি আছে। তবে প্রশাসন আমাকে বলেছে, কোনো ধরনের সন্দেহ হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে। তারা সর্বাত্মক সহযোগিতা করবে।

এর আগে গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সিডিএ টেকের একটি ভাড়া বাসা থেকে কামাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেয়। শুক্রবার রাতে ওই বাসায় অবস্থানকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাসাটি ঘেরাও করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি কামাল উদ্দিনকে মারধরের চেষ্টা করছেন, এমন খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে জামিন দেন।

তথ্যমতে, কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির আত্মগোপনে থাকা নেতাদের গালাগাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন কামাল উদ্দিন।