হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুকে ৮ পিস্তল দেখিয়ে হুমকি, কিশোর গ্যাং নেতা ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেপ্তার মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে বুলেট হৃদয়। ছবি: সংগৃহীত

সামনে সারি করে রাখা আটটি পিস্তল দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকিমূলক ভিডিও প্রকাশের ঘটনায় মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশের ভাষ্য, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তাঁর নিজের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের একটি ভিডিওতে এক ব্যক্তির সামনে সারি করে সাজানো একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র রেখে অপর ব্যক্তিকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি পুলিশের নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা শাখা। পরে অভিযান চালিয়ে নোয়াখালীর কবিরহাট থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আটটি পিস্তল। ছবি: সংগৃহীত

ভিডিওতে কাপড়ের ওপর সারিবদ্ধভাবে রাখা আটটি পিস্তলের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছ কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অস্ত্র প্রদর্শন ও প্রকাশ্যে হুমকির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহপাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী বাদশা।

গ্রেপ্তারের পর ভিডিওতে প্রদর্শিত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে হৃদয় জানান, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র‍্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভান্ডারের সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় আরও জানান, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন তিনি। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং চাঁদা দাবি করতেন বলে জানিয়েছে পুলিশ। অর্থাৎ, সরাসরি অস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি ও ভিডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।