চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
আজ শনিবার এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিইউজে পরিবারের একজন সদস্য হিসেবে মাসুদ মিলাদের মায়ের মৃত্যুতে সিইউজে পরিবারও সমব্যথী। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসায় মারা যান সুরাইয়া বেগম। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক মেয়ে ও তিন ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১টায় নগরের হালিশহর এ ব্লক কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে দাফন করা হয়।