চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সহসভাপতি ও কোষাধ্যক্ষ, প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
কয়েক দিন আগে হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর দেবপাহাড়ের জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, সহকর্মী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুলতান আহমেদ আশরাফী তিন দশকেরও বেশি সময় দৈনিক আজাদীতে সাংবাদিকতা করেছেন। পত্রিকাটিতে তিনি জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সাংবাদিকতায় দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদারির স্বাক্ষর রেখেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ ও গুণী সাংবাদিকের শূন্যতা সৃষ্টি হলো। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন ও পেশাগত অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে সিইউজে নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।