হোম > সারা দেশ > চট্টগ্রাম

পেকুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ তামিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে মগনামা সাবমেরিন বানৌজা সড়কের চেপ্টাখালী নাশি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মগনামা নতুন কাকপাড়া গ্রামের জাহেদুল ইসলাম মানিকের ছেলে। সে মগনামা ফরিদ আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে তামিম সাবমেরিন বানৌজা সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন অটোরিকশাটি জব্দ করেছেন। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।