হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্লাড ক্যানসারে চবির শিক্ষার্থী মহুয়া তাসনিমের মৃত্যু

চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মহুয়া তাসনিম। ছবি: প্রতিনিধি

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম। গতকাল শনিবার (৩ অক্টোবর) রাত ২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম এবং মহুয়ার বোন।

মহুয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তিনি ঢাকার সাভার উপজেলায় থাকতেন। চবির শিক্ষার্থী হওয়ার আগ থেকেই ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

আজ রোববার দুপুর ২টায় রাজবাড়ীর বালিয়াকান্দির পাইককান্দিতে মহুয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহুয়ার মৃত্যু নিয়ে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক বলেন, “মহুয়া অসম্ভব ভালো মেয়ে ছিল। গত আগস্টের ১৪ তারিখ আমাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিল। সেখানে বলছে, ‘ভাইয়া, সাভার এনাম মেডিকেলে জরুরি ও পজিটিভ রক্ত লাগবে।’”

মানিক আরও বলেন, “‘আমি জিজ্ঞেস করলাম, কার জন্য রক্ত লাগবে?’ তখন বলল, ‘ভাইয়া, আমার জন্যই।’ আমি উত্তর দিলাম, ‘আল্লাহ মাফ করুক, কী হইছে আপু?’ এরপর মহুয়া বললেন, ‘রক্তের প্ল্যাটিলেট অনেক কমে গেছে। তাই প্ল্যাটিলেট দেওয়ার প্রয়োজন।’”

ইসরাফিল হোসেন মানিক আরও জানান, রক্তের ব্যবস্থা করার জন্য প্রায় সাত থেকে আটজনকে নেওয়া হলেও কারও সঙ্গে রক্তের মিল ছিল না। পরে একজনের সঙ্গে রক্তের মিল পাওয়া গেলে সে সময় ওই রাতেই তাঁকে প্ল্যাটিলেট দেওয়া হয়।

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে মহুয়ার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল বলে জানান ইসরাফিল হোসেন মানিক। তিনি বলেন, কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিলেন মহুয়া। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তাঁর।