চট্টগ্রামের পতেঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিন (২২) ও ইমন (২২)। শাহিন পতেঙ্গার স্টিল মিল এলাকার আবু সিদ্দিকের ছেলে। তাৎক্ষণিকভাবে ইমনের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। এ ঘটনায় আনিক (২১) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর তিনজনকে রাত সাড়ে ১০টায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও ইমনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।