বর্ধিত বেতন না পাওয়ার অভিযোগ করার মাশুল দিতে হলো চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দুই কর্মচারীকে। নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত অক্টোবরের বেতন না পাওয়ার অভিযোগ করায় তাঁদের বদলি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ ছাড়া একজন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। গতকাল সোমবার জারি করা পৃথক দুটি অফিস আদেশে তাঁদের যশোর, পাবনার ঈশ্বরদী ও বরিশাল বিমানবন্দরে বদলি করা হয়। আদেশ জারির দিন থেকেই তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হয়েছে।
বেবিচকের প্রশাসন বিভাগের বদলি ও পদায়ন শাখার সহকারী পরিচালক (প্রশাসন) মো. তিরান হোসেন স্বাক্ষরিত একটি আদেশে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার কায়সার মোহাইমেনকে যশোর বিমানবন্দরে একই পদে বদলি করা হয়েছে।
অন্য আদেশে বিমানবন্দরের ফোরম্যান (ই/এম) ফজলুল করিম মজুমদারকে একই পদে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে সংযুক্ত করা হয়েছে। নিরাপত্তা অপারেটর ও কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক আবদুল হাকিম সরকারকে একই পদে বরিশাল বিমানবন্দরে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বদলি করা কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভ্রমণভাতা ও যোগদানকাল পাবেন। তাঁদের নৈমিত্তিক ছুটির হিসাব, শেষ বেতনের প্রত্যয়নপত্র এবং সার্ভিস বুক সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে।
শাহ আমানত বিমানবন্দর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ১ নভেম্বর পরিশোধের নির্দেশনা থাকলেও সেদিন বেতন পাননি বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা। ২ নভেম্বর কর্মচারীরা বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেনের সঙ্গে দেখা করে বিষয়টি জানান।
কর্মচারীদের ভাষ্য, বেবিচকের ১৭টি স্টেশনের মধ্যে ১৬টিতে ১ নভেম্বর বর্ধিত বেতন পরিশোধ করা হলেও শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা তা পাননি। ২ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ৪ নভেম্বর ২২ জন ছাড়া অন্যরা বেতন পান।
কর্মচারীরা অভিযোগ করেন, বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা কায়সার মোহাইমেনের অবহেলায় প্রয়োজনীয় নথিপত্র সময়মতো বেবিচক সদর দপ্তরে পাঠানো হয়নি। পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা না দেওয়ার বিষয়টিও নথি পাঠাতে বিলম্বের কারণ বলে কয়েকজন কর্মচারী অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে কায়সার মোহাইমেন বলেন, বিমানবন্দরে লোকবল কম, তাই ফাইলগুলো অনুমোদন পেতে দেরি হয়েছে।
আবদুল হাকিম সরকার বলেন, ‘আমাকে কী কারণে বদলি করা হয়েছে, তা আমি জানি না। আমি তো কোনো অন্যায় করিনি। দেশের অন্যান্য স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে স্কেলের বর্ধিত বেতন পেলেও শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা বেতন পাননি। কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক হিসেবে বেতন না পাওয়ার বিষয়টি জানিয়েছি। এ নিয়ে কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।’
ফজলুল করিম মজুমদার বলেন, ‘আমাকে কেন বদলি করা হয়েছে, তা আমি জানি না। আমি কোনো অন্যায় করিনি।’
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইব্রাহিম খলিল বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি সদর দপ্তর থেকে করা হয়েছে। বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।
বেবিচকের প্রশাসন বিভাগের সরকারি পরিচালক মো. তিরান হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে কাজের স্বার্থে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।