হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরি করে বিক্রি, আটক তরুণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে আকিবকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন তৌহিদুল আলম আকিব (১৯)। এরপর প্রায় পৌনে দুই লাখ টাকা দিয়ে একটা মেশিনও কিনে ফেলেন। সেই মেশিনেই ইয়াবা তৈরি করে সেগুলো বিক্রি করতে শুরু করেন দেদারসে। তবে শেষরক্ষা হলো না। গতকাল শনিবার পুলিশের জালে ধরা পড়েন আকিব।

নগরের চান্দগাঁও এলাকা থেকে আকিবকে আটক করে পুলিশ। পরে তাঁর তথ্যের ভিত্তিতে হাটহাজারীর কুয়াইশ এলাকার একটি ভাড়া বাসা থেকে ইয়াবা তৈরির মেশিন ও আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।

আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

আটক তৌহিদুল আলম আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে পুলিশের একটি টহল দল আকিবকে দুটি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। জিজ্ঞাসাবাদে আকিব তাঁর বর্তমান ঠিকানার বাসায় ইয়াবা তৈরির একটি মেশিন থাকার কথা স্বীকার করেন।

আকিবের তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় সাজেদা ম্যানশন নামের একটি ভবনের চতুর্থ তলার ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন এবং কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, খাদ্যরং, মেনথল ও একটি স্লাইড ক্যালিপার্স জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ জানান, আকিব ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন। পরে নারায়ণগঞ্জ থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় একটি ইয়াবা তৈরির মেশিন কিনে কুয়াইশ এলাকার ভাড়া বাসায় স্থাপন করেন। ওই মেশিনে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন তিনি।

এ ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।