হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে জিপিএইচ ইস্পাত কারখানা। ছবিটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়ার। আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারে দুই শতাধিক লোকের বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে জিপিএইচ ইস্পাত।

সস্প্রতি সরেজমিনে দেখা গেছে, ত্রিপুরাপাড়ায় যাওয়ার রাস্তার গা ঘেঁষে করা হয়েছে জিপিএইচ ইস্পাত কারখানার ১০ তলা ভবন। আর কৌশলে রাস্তার ওপর করা হয়েছে কারখানার সীমানা দেয়াল। এটি ব্যবহার করে রাস্তায় বসানো হয়েছে জিপিএইচ ইস্পাতের চেকপোস্ট। চেকপোস্টে পাহারায় রয়েছেন ৪ জন নিরাপত্তাকর্মী। ত্রিপুরাপাড়ায় যেতে চাইলে বাধা দেন নিরাপত্তাকর্মীরা।

ওই নিরাপত্তাকর্মীরা জানান, এই রাস্তায় চলাচলকারী গ্রামের লোকজনকে টোকেন দেওয়া হয়েছে। টোকেন দেখালে পার হতে দেওয়া হয় চেকপোস্ট।

তবে ত্রিপুরাপাড়ার লোকজন বলছেন, তাঁরা টোকেন দেখিয়ে পার হতে পারলেও বাইরে থেকে তাঁদের স্বজনদের আসা-যাওয়ায় ঝামেলা হয়। ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলছেন, ত্রিপুরাপাড়া যেন অবরুদ্ধ।

কথাবার্তার একপর্যায়ে এই প্রতিবেদক চেকপোস্ট পার হতে চাইলে সিকিউরিটি কর্মকর্তা বলেন, ‘অনুমতি দিলে আমার চাকরি থাকবে না।’

এ বিষয়ে গতকাল রোববার সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই সপ্তাহ আগে আমরা বিষয়টি শুনি। তখন উপজেলা প্রশাসনের লোক পাঠিয়ে ত্রিপুরাপাড়ার রাস্তা বন্ধের সত্যতা পাই এবং ত্রিপুরার সরদারদের সঙ্গে কথা বলি। ত্রিপুরার সরদারদের এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু তাঁরা এখনো কোনো অভিযোগ দেননি।’

এই বিষয়ে সুলতানা মন্দির ত্রিপুরাপাড়ার প্রবীণ বাসিন্দা বিকারাম ত্রিপুরা (৬০) আজকের পত্রিকাকে বলেন, তাঁদের পাড়ায় ৩১ পরিবারের দুই শর বেশি মানুষের বসবাস। ২০১৯ সালে জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের সময় ওই রাস্তা বন্ধ করে।

বিকারাম ত্রিপুরা জানান, জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ এমনভাবে চলাচল সীমিত করেছে যে অন্যত্র থাকা আত্মীয়স্বজন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেও হাজারো প্রশ্ন ও ভোগান্তিতে পড়েন।

আদিবাসী ফোরাম সীতাকুণ্ড ইউনিটের সাধারণ সম্পাদক রবীন্দ্র ত্রিপুরা বলেন, জিপিএইচ ইস্পাত কর্তৃক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শিশুদের খেলাধুলার কোনো জায়গা নেই। স্কুলে যেতে হলেও ঝুঁকি নিতে হয়; কারণ, চারপাশেই এখন স্ক্র্যাপ ইয়ার্ড। এ কারণে পরিবেশ দূষণ হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল দাবি করেন, ‘জায়গাগুলো আমরা কিনে নিয়েছি। ত্রিপুরাপাড়ার লোকদেরকে থাকতে দিয়েছি। রাস্তা বন্ধ করা হয়নি, চলাচল সীমিত করা হয়েছে।’

চেকপোস্ট বসানো নিয়ে আলমাস শিমুল বলেন, যেহেতু এখানে ভারী যন্ত্রপাতি ও লোহা থাকে, সে কারণে নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে।

ত্রিপুরাপাড়ার বাসিন্দাদের অবরুদ্ধ করে রাখা এবং জিপিএইচ ইস্পাতের দাবির বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘ত্রিপুরাগণ আমাদের সম্মানিত নাগরিক। তাদের রাস্তা বন্ধ করার কোনো অধিকার কারও নেই। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বিএসবিআরএর নির্বাচন অনুষ্ঠিত