হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দির। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার আবশ্যকীয় সামগ্রী, তিনটি ধাতব ঘট এবং ঘটের সঙ্গে থাকা তিনটি সোনার চেইন ও তিনটি সোনার লকেট নিয়ে যায়।

মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ধর বলেন, দুর্বৃত্তরা মন্দিরের পূজার জিনিসপত্রসহ প্রায় দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এমনকি পরদিনের পূজার জন্য নির্ধারিত প্রাত্যহিক প্রয়োজনীয় সামগ্রীগুলোও তারা রেখে যায়নি।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, ‘দুর্গাপূজার আগে এমন চুরির ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।