চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ ও গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার চার দিন পর অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার রাতে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
পুলিশ জানিয়েছে, নিহতদের স্বজনরা এখনো মামলা দায়ের করেননি। এ কারণে পুলিশ নিজেই বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে। স্বজনরা মামলা করলে সেটিও গ্রহণ করা হবে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক নিহতের ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনো নিহতের স্বজনদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়নি। তাই পুলিশ বাদী হয়ে এ অপমৃত্যু মামলা দায়ের করেছে। ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতদের অনেক স্বজন জানিয়েছেন, মামলা করলে তাঁরা কারখানা কর্তৃপক্ষের রোষানলে পড়বেন। এ কারণে তাঁরা মামলা না করে নীরব রয়েছেন।
গত শুক্রবার সকালে জাহাজের কাটিং কাজ করার সময় বিস্ফোরণ ও গ্যাস বিষক্রিয়ায় ফেরদৌস স্টিল নামক জাহাজভাঙা কারখানায় ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ১০ জনেরও বেশি শ্রমিক।
দুর্ঘটনার পর শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসবিআর-এর পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। জাহাজের গ্যাসের রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটিগুলোর সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দলও গঠন করা হয়।
বিশেষজ্ঞ দলটি গতকাল দিনব্যাপী জাহাজভাঙা কারখানায় অবস্থান করলেও গ্যাসের তীব্রতার কারণে জাহাজের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে গ্যাসের উৎস, জাহাজ কাটার আগে বিষাক্ত গ্যাসমুক্ত করা হয়েছিল কি না এবং নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কি না, তা উদ্ঘাটন করা সম্ভব হয়নি।