চট্টগ্রামের পটিয়ায় পাঁচটি মোটরসাইকেল থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মাদক কারবারি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার এবং ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মোহাম্মদ সাইফুল (২৪), মো. হাসান (৩৯) এবং হোসেন (৩৭)। তাঁদের বাড়ি কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি বাইকারগ্যাং কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছে। এরপর পটিয়ায় চেকপোস্ট বসিয়ে ৫টি মোটরসাইকেলে আসা ৬ জনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে আটকদের ব্যবহার করা ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা করাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন।