দুই বছর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি (আগের নাম র্যাব)।
শুক্রবার নগরের আকবর শাহ থানাধীন ফয়’স লেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এসআরবির পক্ষ থেকে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
এসআরবি-৭-এর মুখপাত্র সহকারী পরিচালক এ এস এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাহাদুর মিয়া আকবর শাহ থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৭ চট্টগ্রামের একটি দল ফয়’স লেক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এই কর্মকর্তা জানান, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়া পালিয়ে যান।
গ্রেপ্তারের পর তাঁকে জিএমপির কোনাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে দেশের কয়েকটি কারাগারে বন্দীদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও বিদ্রোহের ঘটনা ঘটে। কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি বা আসামি পালিয়ে যান।